গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মাদ্রাসা তালিমুস সুন্নাহর উন্নয়নে গাজীপুর জেলা পরিষদের তহবিল থেকে ১ লাখ ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয়তাবাদী দল (বিএনপি) টোক ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, টোক ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শোহাইল আহমদ আশরাফি।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসার সার্বিক উন্নয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেলা পরিষদের এ অনুদান মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কেকে/ এমএস