দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে ফেব্রুয়ারি থেকে। একই দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না রাখতে সময়সূচি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময়সূচি প্রণয়নের অনুরোধ জানানো হয়।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেসব প্রতিষ্ঠানকেও জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। উপাচার্যদের সম্মিলিত এ সিদ্ধান্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল সাত লাখের বেশি। অন্যদিকে, এ বছর পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভর্তি কার্যক্রমে বছরজুড়ে সমন্বয় নিশ্চিত করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনায় আসে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে এবং ১৯টি সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটি) সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়।
ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থনির্ভর জ্ঞানের পাশাপাশি বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে জিপিএর বিষয়টিও আলোচনায় এসেছে। এ ক্ষেত্রে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা বিবেচনায় নেওয়ার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষা পিছিয়ে আয়োজনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইনগত ক্ষমতা ও স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রেখেই ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে সহযোগিতা করবে কমিশন। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।’
দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষে আসনসংখ্যা প্রায় ৬৩ হাজার। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আসন রয়েছে ১০ লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা চার লাখের বেশি।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান ও অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ৪৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তাদের মনোনীত প্রতিনিধিরা সভায় অংশ নেন।
কেকে/এমএ