সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম: শহর-নগরে আতঙ্ক, অনিরাপদ মানুষ      রক্ষা পেলেন না বেনজীর      পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন      ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল      হামের উপসর্গে আরও চার প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬০০ ছাড়াল      জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের      ভেস্তে গেল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন      
খোলাকাগজ স্পেশাল
শহর-নগরে আতঙ্ক, অনিরাপদ মানুষ
শিপার মাহমুদ
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৫৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ছিনতাইকারীদের উৎপাতে অনিরাপদ হয়ে উঠছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর। প্রতিনিয়তই ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় আক্রমণেরও শিকার হচ্ছেন পথচারীরা। এ থেকে রক্ষা পাচ্ছেন না খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, যা সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করছে। রাজধানীর বেশ কিছু এলাকায় নিয়মিত এসব ঘটনা ঘটছে। আর মোহাম্মদপুরে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক কিছু ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়—সন্ধ্যা নামলেই ঢাকাসহ জেলা শহরগুলোতে বাড়ছে ছিনতাইকারী চক্রের উৎপাত। এমনকি দিন-দুপুরেও রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। শহরের অলিগলি, ফুটপাত, হাসপাতাল এলাকা ও গণপরিবহনকেন্দ্রিক সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা—এটা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আবার অনেকেই বলছেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছেন, সেখানে তারা জনগণের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?

গত রোববার সকাল সোয়া ৬টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাস থেকে নেমে রিকশায় চড়ে একমাত্র মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সোহেলি ইসলাম নামে এক নারী। পাশ দিয়ে মোটরসাইকেলে মাথায় হেলমেট পরা দুই ছিনতাইকারী যাচ্ছিল। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি আচমকা সোহেলির হাতে পেঁচানো ভ্যানিটি ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান সোহেলি। এতে ভেঙে যায় তার ডান হাত, মাথার পেছনে গুরুতর আঘাত পান। কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর স্থানীয়দের সহায়তায় মাকে হাসপাতালে ভর্তি করেন মেয়ে। চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার হাসপাতালে তার মৃত্যু হয়।

গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে ওই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন—মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় এবং মো. রকি ওরফে শাকিল।

জানা গেছে—গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানসংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় জিয়া উদ্যানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন।

এর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত হন মুদ্রা বিনিময় ব্যবসায়ী মো. লোকমান। এরপর তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, ঢাকার বাইরে সিলেট নগরীতে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। দিনের আলোতেও ঘটছে ছিনতাইয়ের ঘটনা। তথ্য বলছে—গত নয় মাসে নগরী থেকে প্রায় সাড়ে ৩৫০ জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অন্তত ২০টি ছিনতাইয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শতাধিক ঘটনাও ঘটেছে।

এ ছাড়া ফরিদপুরের মধুখালীতে দুর্বৃত্তদের হামলায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা কোম্পানির সংগ্রহ করা তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে উপজেলার নওপাড়া-বাগাট আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিক্রয় প্রতিনিধির নাম রবিউল আউয়াল। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন। এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ প্রসঙ্গে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বলেন, ছিনতাই প্রতিরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন, মোটরসাইকেল টহল বৃদ্ধিসহ সিসি ক্যামেরা পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ পরিসংখ্যান বলছে—চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় ১১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে ২৫টি, মার্চে ২৯টি, এপ্রিলে ২৬টি এবং মে মাসে ৩৬টি মামলা রেকর্ড করা হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন—প্রকৃত ঘটনার সংখ্যা এর কয়েক গুণ বেশি। কারণ, ছিনতাইয়ের শিকার অনেকেই থানায় মামলা করতে আগ্রহী হন না। অন্যদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় দস্যুতার ১৩৬টি মামলা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শহর   নগর   আতঙ্ক   অনিরাপদ   মানুষ  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close