রোববার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম: ফের আগ্রাসী বিএসএফ      খুনখারাবিতে ইমেজ সংকটে বিএনপি      তিন কর্মকর্তার সমন্বয়হীনতায় বনভূমি দখলের মহোৎসব      তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান      ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী      ২৪ ঘণ্টায় হামে ছয় শিশুর মৃত্যু      দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ পার্টির      
খোলাকাগজ স্পেশাল
সীমান্তজুড়ে উত্তেজনা
ফের আগ্রাসী বিএসএফ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৩৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ছড়াচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিছুদিন বন্ধ থাকার পর আবার নিজ দেশের নাগরিকদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বাহিনীটি। এতে সীমান্তজুড়ে উত্তেজনা ও আতঙ্ক দেখা দিয়েছে। গত শুক্র ও শনিবার অন্তত চারটি ভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ। যদিও প্রতিটি প্রচেষ্টাই ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিএসএফের এ অপতৎপরতা দুই দেশের সম্পর্কে ফের উত্তেজনা তৈরি করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে নিয়ে দ্বিমুখী নীতি নিয়েছে ভারত। একদিকে তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র দাবি করে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলছে। অন্যদিকে সীমান্তে পুশইন, হত্যা, কাঁটাতারের বেড়া নির্মাণসহ নানা আগ্রাসনমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। তারা বলছেন, এ ধরনের দ্বিমুখী নীতি নিয়ে টেকসই কূটনৈতিক সম্পর্ক সম্ভব নয়। ভারতের উচিত বাংলাদেশ নিয়ে তাদের নীতি পরিবর্তন করা।

বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশ এখন আর শুধু ভারতমুখী বা নির্ভরশীল কোনো রাষ্ট্র নয়। হাসিনার পতনের পর এটি এখন প্রমাণিত। বরং বহুমুখী বিশ্বে বাংলাদেশ এখন বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। সুতরাং ভারতকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং আগ্রাসনমূলক আচরণ বন্ধ করতে হবে।

৪৮ ঘণ্টায় পাঁচ সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি

গত শনিবার ফেনী, দিনাজপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে অন্তত ৩৮ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধের মুখে সেসব তৎপরতা ব্যর্থ হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। গত শুক্রবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি চাড়ালডাঙ্গা বিওপির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। পরে তারা ভারতের অভ্যন্তরে চলে যান।

এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদীপথে আটজনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। গত শুক্রবার ভোরে ৪৭ বিজিবির অধীন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীন চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আট ব্যক্তিকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিজিবির টহল দল তা দেখতে পেয়ে তাদের প্রবেশে বাধা দেয়। পরে তারা নদীপথেই ভারতে ফিরে যায়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে নয় ভারতীয় নারীকে পুশইনের চেষ্টা করা হয়। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে। ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল ভোরে ভারতের শ্রীরামপুর এলাকার দিক থেকে নয়জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দিলে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নারীরা ভারতীয় সীমান্তেই ফিরে যায়।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে নয়জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তা প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

এদিকে ফেনীর পরশুরামের পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে আটজনকে পুশইনের চেষ্টা ঠেকানো হয়। বিজিবির কড়া প্রতিবাদ ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে আটজনকে সীমান্তসংলগ্ন একটি বাগানে জড়ো করে। বিষয়টি বিজিবির নজরে এলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিয়ে সীমান্ত থেকে সরে যায়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, বিজিবির বাধা ও প্রতিবাদের মুখে বিএসএফ পিছু হটে এবং তাদের সঙ্গে নিয়ে যায়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

সীমান্তের শূন্যরেখায় ৬ ভারতীয়

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। গতকাল ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এই পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফের সদস্যরা চার পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তিনি আরও বলেন, বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভারতীয় অভ্যন্তরে অবস্থান করছেন। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএসএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close