জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরগঞ্জের সংসদ সদস্য ফজলুর রহমানের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কিশোরগঞ্জের নাম শুনলেই একটি দুষ্টু লোকের নাম সবার মনে পড়ে—ফজু পাগলা। তিনি কিশোরগঞ্জবাসীর মান-ইজ্জত নষ্ট করেছেন।’
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জে এখনো আওয়ামী লীগের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ওই গোষ্ঠীর মুখপাত্র হিসেবে ফজলুর রহমান কাজ করছেন।
তিনি সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কিশোরগঞ্জবাসীকে এই শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করুন। তার কারণে জেলার মানুষের মান-মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। কিশোরগঞ্জবাসী তাঁকে প্রত্যাখ্যান করতে চায়। তাই তাঁর পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিন।’
কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিশোরগঞ্জ হাওড় অধ্যুষিত এলাকা হলেও ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। সরকার যদি এতদিন কিশোরগঞ্জের দিকে নজর দিত, তাহলে এ জেলার মানুষের ভাগ্য অনেক আগেই বদলে যেত।’
সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৫ বছর ধরে কিশোরগঞ্জের এমপি ছিলেন মুজিবুল হক চুন্নু। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। কিশোরগঞ্জবাসীর ওপর এমন কোনো নির্যাতন নেই, যা তিনি করেননি। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে তাঁর হাত থেকে উদ্ধার করেছেন।’
কিশোরগঞ্জে আলেম-ওলামাদের প্রভাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশের যেসব এলাকায় আলেম-ওলামার প্রভাব বেশি, কিশোরগঞ্জ তার অন্যতম। কিন্তু কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে মুক্ত হয়েছে, তখন তারেক রহমান ফজু পাগলা নামে আরেক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিয়েছেন।’
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস