শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম      র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর কাছে কাজের সুযোগ চান কিশোরগঞ্জের পাঁচ ভাই-বোন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধকতা তাদের চলার পথ কঠিন করেছে, কিন্তু থামাতে পারেনি শিক্ষার স্বপ্ন। একই পরিবারের পাঁচ ভাই-বোনের কেউ স্নাতকোত্তর, কেউ স্নাতক শেষ করেছেন; অন্যরাও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এখন তাদের একটাই প্রত্যাশা—যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ। তাদের ভাষায়, ‘দয়া নয়, কাজের সুযোগ চাই।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামের এই পাঁচ ভাই-বোন ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে আসছেন। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারলেও পড়াশোনার প্রতি তাঁদের আগ্রহ ছিল প্রবল। নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা শিক্ষাজীবন চালিয়ে গেছেন।

পাঁচ ভাই-বোনের মধ্যে বড় সুজন মিয়া কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার ছোট বোন মারজিয়া বেগম বাজিতপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। আরেক বোন জহুরা বেগম সমাজকর্ম বিভাগে প্রথম বর্ষে পড়ছেন। মুক্তা আক্তার এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সবার ছোট পান্না আক্তার দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারটির আর্থিক অবস্থাও ভালো নয়। তাদের বাবা মহরম আলীও শারীরিক প্রতিবন্ধী ছিলেন। প্রায় আট বছর আগে তিনি মারা যান। এরপর পরিবারের দায়িত্ব নেন তার ভাই। কিন্তু বছরখানেক আগে তিনিও প্যারালাইজড হয়ে পড়ায় পরিবারটি আরও সংকটে পড়ে।

সুজন মিয়া বলেন, “আমরা পাঁচ ভাই-বোনই প্রতিবন্ধী। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না, তারপরও হাল ছাড়িনি। অনেক বাধা পেরিয়ে আমি স্নাতকোত্তর শেষ করেছি। আমার বোনও স্নাতক শেষ করেছে। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একটি কর্মসংস্থানের সুযোগ।”

তিনি আরও বলেন, “আমরা পাঁচ ভাই-বোনের মধ্যে অন্তত একজনকে যদি যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। আমরা কারও দয়া বা করুণা চাই না। আমরা কাজ করার সুযোগ চাই। সুযোগ পেলে নিজেদের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে চাই।”

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, “পাঁচ সন্তানই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হলেও পড়াশোনা চালিয়ে গেছে। তাঁদের মধ্যে অন্তত একজনকে যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ দেওয়া হলে পরিবারটি স্বাবলম্বী হতে পারবে।”

আরেক স্থানীয় বাসিন্দা মো. উজ্জল মিয়া বলেন, “পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহরম আলী মারা যাওয়ার পর তাঁর ভাই পরিবারটির দায়িত্ব নেন। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে। পাঁচ ভাই-বোনের মধ্যে পড়াশোনা শেষ করা একজনের চাকরির ব্যবস্থা হলে পরিবারটির জীবন বদলে যেতে পারে।”

এদিকে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে পরিবারটি। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর সফরের সময় তাঁর সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ চান তাঁরা। নিজেদের জীবনসংগ্রাম, শিক্ষাগত যোগ্যতা ও পরিবারের বর্তমান পরিস্থিতি সরাসরি তুলে ধরতে চান।

সুজন মিয়া বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েক মিনিট কথা বলতে চাই। আমাদের পরিবারের অবস্থার কথা জানাতে চাই। আমরা কীভাবে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পড়াশোনা করেছি, সেটিও বলতে চাই। প্রধানমন্ত্রী যদি আমাদের কথা শোনেন এবং আমাদের মধ্যে একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেন, তাহলে আমাদের পরিবারটি নতুন করে বাঁচার আশা পাবে।”

পরিবারটি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান ইকবালের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরিরও প্রত্যাশা তাদের।

পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল বলেন, “পাঁচ ভাই-বোনের এই পরিবারটি শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যে দৃষ্টান্ত তৈরি করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তারা উপযুক্ত সুযোগ পেলে নিজেদের যোগ্যতা দিয়ে অনেক কিছু করতে পারবে।”

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, “আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজখবর নিয়ে পরিবারটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সম্ভব হলে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   কাজের সুযোগ   কিশোরগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close