সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'Photography as a Language: 200 Years of Photography Practices' শীর্ষক ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ফটোগ্রাফি বিষয়ে আলোচক হিসেবে ছিলেন আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলী।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০৬নং কক্ষে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাবের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ফটোগ্রাফি বিষয়ক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ছায়া ইনস্টিটিউট অব কমিউনিকেশন এন্ড ফটোগ্রাফির অধ্যক্ষ দীন মোহাম্মদ শিবলী। কর্মশালায় তিনি ফটোগ্রাফির ইতিহাস, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বিভিন্ন প্রকার ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন।
দীন মোহাম্মদ শিবলী
দীন মোহাম্মদ শিবলী বলেন, “আমাদের জীবনের প্রতিটি মূহুর্ত ছবির সাথে জরিত, আমাদের চারপাশের সবকিছুই ছবির উপাদান। কিন্তু আমরা ছবি তুলার জন্য ছুটে যাই দূর দূরান্তে কখনো বা শত কিলোমিটার দূরে। আমাদের ছবি তো আমরাই, আমাদের চোখের সামনে যা কিছু বিদ্যমান সবকিছু মিলিয়েই ছবি।”
তিনি আরও বলেন, “পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ এবং মানুষের প্রত্যেকটা মুহুর্তই ছবি। ছবি তৈরি হয় ক্যামেরার সামনে, ক্যামেরা দিয়ে ছবিটাকে সংরক্ষণ করা হয়। ইতিহাসের প্রথম দিকে প্রায় ৭০০ বছর আগে অন্ধকার ঘরের ছিদ্র দিয়ে আলো আসতো তা দিয়ে ছবি আঁকতো শিল্পীরা তার নাম ছিলো অন্ধকার ঘর।”
গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাইমুন হাসান বলেন, “ফটোগ্রাফি শুধু একটি ছবি ধারণ করার মাধ্যম নয় এটি চিন্তা, অনুভূতি এবং সময়কে প্রকাশ করার একটি শক্তিশালী ভাষা। একটি ভালো ছবি তোলার জন্য প্রথমে প্রয়োজন একটি সচেতন চোখ ও ভিন্নভাবে দেখার সক্ষমতা। ক্যামেরা কখনোই একজন ফটোগ্রাফারের চিন্তার বিকল্প হতে পারে না বরং সঠিক চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দেওয়ার একটি মাধ্যম মাত্র।”
তিনি আরও বলেন, “আজকের কর্মশালাটি আমাদের সদস্য ও শিক্ষার্থীদের ফটোগ্রাফিকে শুধু প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি ভাষা ও চিন্তার মাধ্যম হিসেবে বুঝতে সহায়তা করবে। আমরা আশা করি এখান থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে তাদের সৃজনশীলতা ও ফটোগ্রাফিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।”
কর্মশালার শেষ পর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়। এ সময় জিবিপিএসের উপদেষ্টা অধ্যাপক ড. নিলয় কুমার দে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, জিবিপিএস ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।