শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      
খোলাকাগজ স্পেশাল
ভাসা ভাসা তথ্য দিয়ে দায় এড়াচ্ছে কর্তারা
শিপার মাহমুদ
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান ঠেকাতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ঢাকা কাস্টম হাউস। গত এক বছরে বড় ও ছোট চালান মিলিয়ে প্রায় ৭০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। পৃথক এসব ঘটনায় হয়েছে ১৬ থেকে ১৭টি মামলা। 

বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদ্য বিদায়ী কমিশনার মোহা. মসিউর রহমান। তবে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ হলেও চোরাচালান চক্রের মূল হোতাদের বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারেনি প্রতিষ্ঠানটি। কেবল ভাসা ভাসা তথ্য দিয়ে দায় সারছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ বুধবার রাতে দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই-দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ফ্লাইটটির ১৯ নম্বর সিটের নিচে এসব স্বর্ণবার পাওয়া যায়। ওজন ৯ কেজি ৩০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। এত বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি। 

কাস্টমসের ভাষ্য— তল্লাশি শুরুর আগেই সংশ্লিষ্ট যাত্রী বিমান থেকে নেমে যান। পরে আইজিএম বিশ্লেষণ করে ওই যাত্রীর নাম ও প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এখন পুলিশ তদন্ত করবে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার হলেও সংশ্লিষ্ট যাত্রীকে কেন আটক করা গেল না, গণমাধ্যমের এমন প্রশ্নের প্রত্যাশিত জবাব মেলেনি। 

এদিকে ঢাকা কাস্টমস হাউস এখন পর্যন্ত কতগুলো চোরাচালান চক্র শনাক্ত করা করতে পেরেছেন— এমন প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, ‘চক্র স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা আসলে খুব কঠিন। এ নিয়ে আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে। এখন এটুকু আমরা বলতে পারি, আমরা প্রায়োরিটি ইনফরমেশন নিয়ে কাজগুলো করছি। আমাদের সোর্স বিভিন্নভাবে কাজ করছে এবং বিভিন্ন ইন্টেলিজেন্স আমাদের সঙ্গে কাজ করছে।’ 

তিনি বলেন, ‘যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলি— এনএসআই, ডিজিএফআই, সিআইসি ও অন্যান্য সংস্থাও এটা নিয়ে কাজ করছে। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থাও আছে। কো-অর্ডিনেট করে কাজ করা হচ্ছে। এ ছাড়া বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মহোদয় উনি আমাদের নিয়ে কয়েকবার বসেছেন। উনার দিক-নির্দেশনা আছে, আমরা এগুলো নিয়ে নিয়মিত বসছি। ইনফরমেশনগুলোকে কো-অর্ডিনেট করে কীভাবে শেয়ার করা যায় এবং কীভাবে এ জিনিসটাকে আরও কঠোরভাবে মনিটরিং করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কিছুদিন আগে ফলের চালান দেখিয়ে স্বর্ণ আনার ঘটনায় ১৭ কেজির মতো স্বর্ণ উদ্ধারের প্রসঙ্গও সংবাদ সম্মেলনে উঠে আসে। সাংবাদিকদের প্রশ্ন ছিল— কার্গোতে আসা পণ্যে যদি ফলের বদলে স্বর্ণ পাওয়া যায়, তাহলে সেগুলো আগেই স্ক্যান করে শনাক্ত করা হলো না কেন? এ উত্তরে বিদায়ী এ কাস্টমস কমিশনার বলেন— ‘আমাদের সকল পণ্য স্ক্যানিং করা হয় না। আমাদের রিক্স কেসেসের পণ্য স্ক্যানিং করা হয়। এটা যদি চট্টগ্রাম কাস্টম হতো বা পোর্ট হতো, সেখানে কন্টেনার স্ক্যানিং করা যায়। কিন্তু এখানে আমাদের যে স্ক্যানার, সেটা প্যাকেজ এবং প্যারেট স্ক্যানার। প্যাকেজ বা প্যারেট স্ক্যানার সব ধরনের কার্টন বা সব ধরনের কনসেপ্ট স্ক্যানিং করা সম্ভব না।’

অন্যদিকে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালানে বিমানকর্মী, সিএনএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার ও আমদানিকারকদের সংশ্লিষ্টতার অভিযোগও বারবার সামনে আসছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এটি স্বীকারও করেছেন। 

তার দাবি— কিছু ঘটনায় সিএনএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার ও আমদানিকারকের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সংবাদ সম্মেলনে বড় বড় চালান ধরা পড়লেও মূল হোতারা কেন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে? একই ব্যক্তির নামে একাধিক লাইসেন্স ও প্রতিষ্ঠান থাকার তথ্য সামনে আসার পর সেসব চক্র স্থায়িভাবে বন্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এসব প্রশ্ন থাকলেও প্রত্যাশিত উত্তর মেলেনি। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তথ্য   দায়   কর্মকর্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close