পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফসলের মাঠে পড়ে যায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার গাড়িচালক আহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফিরোজা বেগম (৫৫) নামে নারী পথচারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটের উদ্দেশ্যে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল ৯টার দিকে হরিপুর এলাকায় পৌঁছালে এক নারী পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে ফসলের মাঠে গিয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীসহ গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করেন। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারীর হাঁটু ও দুই পায়ে আঘাত লাগে। তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়িচালকও আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌরশহরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। গাড়িটি সড়ক থেকে ফসলের মাঠে গিয়ে পড়ে স্থির হয়ে যায়। এতে আমার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি। আমি দুই দিনের সরকারি সফরে জয়পুরহাটে যাচ্ছিলাম।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, জয়পুরহাটে যাওয়ার পথে একজন পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফসলের মাঠে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধারে সহযোগিতা করে।
কেকে/সাশ