বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে এবং কথা দিয়ে কথা রাখছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ বিএনপিকে ক্ষমা করবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের কি ২০২৪ সাল স্মরণ আছে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন, মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং সেই দাবি পূরণ করেই ঘরে ফিরব।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, চব্বিশের চার্টার বাস্তবায়ন, আপনাদের জুলাই ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করা।’
তিনি আরও বলেন, ‘১১ দল আপনাদের পাশে আছে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।’
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, কেন্দ্রীয় এনসিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
কেকে/সাশ