জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের আওতায় ১১টি নির্বাচিত জলাশয় ও খাস পুকুরে ৩০৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে খরকা বিলে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা হাওয়াই রোড এলাকায় আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়। বিতরণ করা পোনাগুলো পরে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক প্লাবন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ।
কামরুজ্জামান খান বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার দুটি জলাশয়, সাতটি আশ্রয়ণ প্রকল্পের খাস পুকুর ও দুটি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৩০৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ সব পোনা অবমুক্ত করা হয়েছে।’
কেকে/এআই