তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (এসটিইএম) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘ডব্লিউইউবি এসটিইএম কার্নিভাল ২০২৬’।
২২ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্নিভালে দেশের শতাধিক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। তার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোশেদো চৌধুরী অডিটোরিয়ামে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান।
কার্নিভালে চারটি প্রধান ইভেন্ট ছিল—গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং প্রকল্প প্রদর্শনী। এইচএসসি, এ-লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়। কার্নিভালে মোট ৩ লাখ টাকা প্রাইজমানি ছিল। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের অংশগ্রহণ সনদ দেওয়া হয়।
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল প্রকল্প প্রদর্শনী। এতে শিক্ষার্থীদের বিভিন্ন দল রোবোটিক্স, টেকসই উন্নয়ন ও প্রকৌশল নকশাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। দুই থেকে চার সদস্যের দলগুলো তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং ধারণাকে বাস্তব সমাধানে রূপ দেওয়ার সক্ষমতা তুলে ধরে।
সকাল ৯টায় নিবন্ধন ও অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বিনিময়, সহপাঠীদের কাছ থেকে শেখা, দলগতভাবে কাজ করা এবং নিজেদের উদ্ভাবনী চিন্তা উপস্থাপনের সুযোগ পায়। একই সঙ্গে আয়োজনটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, দলগত কাজ ও উপস্থাপনা দক্ষতা বিকাশে গুরুত্ব দেয়।
আয়োজকদের মতে, ডব্লিউইউবি এসটিইএম কার্নিভাল ২০২৬ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
কেকে/ এমএস