কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, ‘যদি আওয়ামী লীগের কেউ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে থাকে—যারা আওয়ামী লীগ করেন, কথায় কথায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা বলেন—তাদের কেউ যদি জামায়াতকে ভোট দিয়ে থাকেন, তাহলে তাদের বাপের নাম গোলাম আজম লিখতে হবে।’
সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসমাবেশে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, ‘গোপদিঘী ইউনিয়নে যারা আওয়ামী লীগ করেন, তাদের মধ্যে যারা জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, আমরা দেখব তারা কোন পরিবারের সন্তান। জামায়াতকে ভোট দেওয়ার কথা তাদের নয়। আওয়ামী লীগ করেন, কিন্তু ফজলুর রহমানকে পছন্দ হয় না কিংবা আপনার দল নির্বাচনে অংশ নেয়নি—তাহলে ঘরে বসে থাকতেন। আপনাদের নেতৃত্বই বলেছিল, কেউ ভোটে যাবে না। আপনারা সেখানে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেবেন কেন?’
জামায়াতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ফজলুর রহমান বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে আবার মা-বোন ধর্ষণের শিকার হবে—দেখেন না কী হয়? জামায়াতের রাজাকারদের বংশধররা ক্ষমতায় গেলে শুধু পোশাক দেখে ভোট দেবেন? তাদের পোশাক সাদা হতে পারে, কিন্তু মন কালো। এ রাজাকারদের সন্তানদের ভোট দেবেন?’
তিনি বলেন, ‘আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন। যখন জয়সিদ্ধি হাইস্কুল ছিল না, মিঠামইনেও হাইস্কুল ছিল না, তখন গোপদিঘীতে হাইস্কুল ছিল। সেই শিক্ষিত মানুষ হয়ে জামায়াতের মতো একটি রাজনৈতিক দলকে ভোট দিতে হবে? মধ্যযুগীয় চিন্তাধারার একটি দলকে ভোট দেবেন, যারা নারীদের সম্পর্কে বিতর্কিত ধারণা পোষণ করে?’
জামায়াতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান নিয়েও বক্তব্য দেন তিনি। ফজলুর রহমান বলেন, ‘তারা পৃথিবীতে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায় কি না, সেটি আপনারা দেখেন। জামায়াতের এমপিদের নিয়ে বিভিন্ন অভিযোগ ও বিতর্কের কথাও আপনারা শুনেছেন। একটি ১৫ বছরের মেয়েকে হোটেলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, পরে বিয়ের কথা বলা হয়েছে এবং এক মাস পর মেয়েটির মৃত্যুর অভিযোগও এসেছে। এ ধরনের ঘটনা যদি ইসলামের নামে করা হয়, তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে।’
জামায়াতের ধর্মীয় মতাদর্শের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা ইসলামের কোন আদর্শ অনুসরণ করে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তারা রাসূল (সা.)-এর প্রতি আমাদের প্রচলিত ধর্মীয় বিশ্বাস, মিলাদ শরিফ ও কিয়ামের মতো বিষয়গুলো গ্রহণ করে না। তারা মনে করে হযরত মুহাম্মদ (সা.) আমাদের মতোই একজন মানুষ। কিন্তু আমি ফজলুর রহমান হিসেবে মনে করি, দেশের মুসলমানরা নবী করিম (সা.)-কে বিশেষ মর্যাদায় বিশ্বাস করেন। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন বলেই দুনিয়া সৃষ্টি করেছেন—এটাই আমার বিশ্বাস।’
গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ গোপদিঘী ইউনিয়ন ও মিঠামইন উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
কেকে/এআই