যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে আছড়ে পড়েছে প্রাক্-শরতের শক্তিশালী ঝড় ‘নর’ইস্টার’। ঝোড়ো হাওয়া, প্রবল বর্ষণ ও তীব্র জলোচ্ছ্বাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা।
টানা বর্ষণ ও উত্তাল সমুদ্রের ঢেউয়ের কারণে একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউ জার্সিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন স্থানীয় গভর্নররা।
মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী এই নিম্নচাপ ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭০ মাইল বেগে উত্তর-পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হানছে।
বোস্টন, কেপ কড, লং আইল্যান্ড ও নিউ জার্সির উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পর্যন্ত বেড়েছে। সাগরের ৮ থেকে ২০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে উপকূলীয় বাঁধ, রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ.কমের তথ্যমতে, শক্তিশালী ঝড়ে গাছপালা উপড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও পেনসিলভানিয়ায় এরই মধ্যে এক লাখেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
নিউ জার্সির পয়েন্ট প্লিজেন্ট ও প্লাইমাউথসহ উপকূলীয় এলাকার প্লাবিত সড়কগুলোতে সাধারণ মানুষকে চলাচলের জন্য কায়াক ব্যবহার করতে দেখা গেছে। অনেক স্থানে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আবহাওয়ার মারাত্মক অবনতির কারণে আকাশ ও জলপথের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরসহ ওই অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ৪ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় দেড় হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
কেপ কড, মার্থাস ভিনইয়ার্ড ও নানটাকেটগামী সব ফেরি সার্ভিস নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, ধীরগতির এই নর’ইস্টার ঝড়টি উপকূলীয় এলাকায় অবস্থান করায় এর প্রভাব আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। বিশেষ করে গাছে এখনও পাতা পূর্ণ থাকায় প্রবল বাতাসে গাছ ভেঙে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলোর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিএনএন
কেকে/ এমএস