সার ডিলার নিয়োগ ও বিতরণে নৈরাজ্য যেন থামছেই না। এ ডিলার নিয়োগকে কেন্দ্র করে সামনে আসছে একের পর এক বিতর্ক। এতে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। রাজনৈতিক ও অরাজনৈতিক অঙ্গনেও হচ্ছে সমালোচনা। কোথাও রাজনৈতিক নেতাদের স্বজন ও ঘনিষ্ঠজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ, কোথাও কোটি টাকার লেনদেনের দাবি, আবার কোথাও নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। নিয়োগ বাতিলের দাবিতে চলছে বিক্ষোভ, ঘেরাও ও স্মারকলিপি প্রদান। এমনকি সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরোধও প্রকাশ্যে এসেছে।
এরমধ্যে রংপুরের পীরগাছা, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের নগরকান্দা, কুড়িগ্রামের নাগেশ্বরী, পিরোজপুরের ভাণ্ডারিয়া, গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ী এবং রাজশাহীর গোদাগাড়ীর ঘটনাগুলোতে উঠে এসেছে সার বিতরণব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ।
পীরগাছায় কোটি টাকার লেনদেনের অভিযোগ :
রংপুরের পীরগাছায় নয়টি ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতি, দলীয়করণ ও বিপুল অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির প্রকাশিত তালিকায় উপজেলার নয়টি ইউনিয়নে নয়জনকে সার ডিলার হিসেবে মনোনীত করা হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার স্বাক্ষরিত দলীয় প্যাডে জমা দেওয়া তালিকার ব্যক্তিরাই শেষ পর্যন্ত ডিলারশিপ পেয়েছেন। তাদের দাবি, নিয়োগের নামে অন্তত ১ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছে।
তথ্যমতে— গত ১৭ সেপ্টেম্বর ‘ডিলার নিয়োগ-২০২৬ এর তথ্য’ শিরোনামে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার স্বাক্ষরিত একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে সুপারিশকৃত তালিকা পাঠান। চূড়ান্ত তালিকার সঙ্গে দলীয় প্যাডের তালিকার মিল পাওয়ার দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
মনোনীতদের মধ্যে কল্যাণী ইউনিয়নে বেলী ফার্টিলাইজারের জিকরুল আমিন রয়েছেন, যিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। পারুল ইউনিয়নে মেসার্স নুহা ট্রেডার্সের মো. আব্দুল মতিন সরকার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ইটাকুমারী ইউনিয়নে মেহজাবিন ট্রেডার্সের মো. আলিমুদ্দিনের ছোট জামাতা মাসুদ রানা ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্নদানগর ইউনিয়নে জয়িতা সার বিতানের জয়িতা আক্তার জিনি ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে।
ছাওলা ইউনিয়নে মেসার্স আয়মান ট্রেডার্সের জাকির হোসেন ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ। তাম্বুলপুর ইউনিয়নে মেসার্স সামান্তা অ্যান্ড সিফা ট্রেডার্সের স্বত্বাধিকারী সুইটি বেগম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালিসের স্ত্রী। পীরগাছা সদর ইউনিয়নে রিয়া এন্টারপ্রাইজের মোছা. সুলতানা ফেরদৌসী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার স্ত্রী। কৈকুড়ি ইউনিয়নে মীর তৌফিক ট্রেডার্সের মীর তৌফিক হাসান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মীর আফসার আলীর ছেলে। কান্দি ইউনিয়নে মেসার্স সান ট্রেডার্সের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সম্পৃক্ততা রয়েছে। তার বড় ভাই আনিছুর রহমান ভুট্টু ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, কল্যাণীতে ১৫ লাখ, ইটাকুমারীতে ১৭ লাখ, অন্নদানগরে ১৫ লাখ, পারুলে ১৮ লাখ, কান্দিতে সর্বোচ্চ ২৭ লাখ, ছাওলায় ২৩ লাখ এবং কৈকুড়িতে ১৬ লাখ টাকা লেনদেন হয়েছে। সাত ইউনিয়নের এসব অভিযোগের অঙ্ক যোগ করলে দাঁড়ায় ১ কোটি ৩১ লাখ টাকা।
নিয়োগ নিয়ে অভিযোগ, প্রতিবাদ করায় হাতুড়িপেটা :
ফরিদপুরের নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার পর জেলা যুবদলের সদস্য শেখ খোরশেদ আহমেদ দোলনকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। তাকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি রামনগর ইউনিয়নে সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন দোলন এবং বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে তুষার মণ্ডল। শেষ পর্যন্ত মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে ডিলারশিপ পান তুষার। এরপর নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন।
নাগেশ্বরীতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। ‘ত্যাগী তৃণমূল বিএনপি’ ব্যানারে গত মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা।
ভাণ্ডারিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার ডিলারশিপ :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় ও প্রভাবের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে আজাদী করপোরেশনের মাধ্যমে ডিলারশিপ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
পলাশবাড়ীতে এমপি-ইউএনও বিরোধ প্রকাশ্যে :
গাইবান্ধার পলাশবাড়ীতে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে দলীয়করণ, স্বেচ্ছাচারিতা ও নির্বাচিত জনপ্রতিনিধিকে অসহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য অভিযোগ করেন, কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সার ডিলার নিয়োগের বিষয়ে ইউএনও তার সঙ্গে কোনো আলোচনা করেননি। বরং সরকারি দলের নেতাকর্মীদের পরামর্শে একতরফাভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের নীতিমালা ও ডিলারদের স্বচ্ছ তালিকা চাওয়া হলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভুয়া তথ্য দিয়ে সার ডিলার নিয়োগের পাঁয়তারা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় তথ্যের সত্যতা যাচাই না করেই একটি বিশেষ প্রতিষ্ঠানকে ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহে ভোগান্তি বাড়ার পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গোদাগাড়ীতে ইউএনওর কার্যালয় ঘেরাও :
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের অপসারণ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ইউএনও ইসরাত জাহান পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। নির্ধারিত নীতিমালা অনুসরণ না করে দলীয় পরিচয় ও প্রভাবের ভিত্তিতে ডিলার নির্বাচন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশ বিএনপির বিভিন্ন পদে রয়েছেন এবং তাদের কারও কারও দোকান বা গুদাম নেই বলেও অভিযোগ করেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান।
কেকে/ এমএস