চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইউপি সদস্য শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এমএ হাসেম রাজু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, শিল্পপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য রতন ভট্টাচার্য, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক সদস্যসচিব মোরশেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রহিম ও গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।
পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
কেকে/এআই