কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর গাংচর এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এবং গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। একটি মামলার সাক্ষ্য দিতে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। এখন ফিরছি। কুমিল্লা থেকে আমাদের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।’
এ দিকে, দলীয় কার্যালয়ের সামনে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করে জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের বিষয়ে উপস্থিত একাধিক নেতার বক্তব্য জানতে চাওয়া হলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘কুমিল্লায় বিশৃঙ্খলার খবর জেনেছি। বিস্তারিত জেনে কথা বলতে পারবো।’
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদকে একাধিক কল ও ক্ষুদেবার্তা দিলে তিনি কোনো জবাব দেননি।
কেকে/এআই