শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
আন্তর্জাতিক
ডেমোক্র্যাটদের জয়ে এআই খাতে নিয়ন্ত্রণের শঙ্কা, ধস প্রযুক্তি শেয়ারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দেশটির প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে নতুন নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির চাপ বাড়ে। এতে প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে, যা গত ১৯ মাসের মধ্যে সূচকটির সবচেয়ে বড় পতন।

নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটে সাতটি আসন নিজেদের দখলে নিয়েছে। প্রতিনিধি পরিষদে অন্তত ৩৯টি আসন বেড়েছে দলটির এবং পাঁচটি অঙ্গরাজ্যে গভর্নর পদেও জয় পেয়েছে তারা। নির্বাচনের দুই দিন পরই শেয়ারবাজারে এই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, নির্বাচনী সাফল্যের ফলে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের রাজনৈতিক প্রভাব বাড়বে। এতে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণ, বিদ্যুৎ ব্যবহার এবং প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা নিয়ে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ জোরালো হতে পারে।

সিমকর্পের বিনিয়োগ গবেষণা বিভাগের বৈশ্বিক প্রধান মেলিসা ব্রাউন বলেন, নতুন নির্বাচিত কয়েকজন কংগ্রেস সদস্য ও গভর্নর এআই অবকাঠামোর সম্প্রসারণের গতি কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন বলে বিনিয়োগকারীরা মনে করছেন। পুরো সম্প্রসারণ বন্ধ হওয়ার সম্ভাবনা কম হলেও এর গতি কমে গেলে এআই খাতের প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হবে।

টেক্সাসের নবনির্বাচিত গভর্নর জিনা হিনোজোসা রাজ্যটিতে নতুন ডেটা সেন্টার নির্মাণ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। এআই সার্ভার স্থাপনের অন্যতম দ্রুত সম্প্রসারণশীল বাজার টেক্সাস। নির্বাচনে তিনি তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেন।

এ ছাড়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ডেটা সেন্টারের কারণে বিদ্যুতের বাড়তি ব্যয়ের চাপ থেকে সাধারণ গ্রাহকদের সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়ন এবং এআই ব্যবস্থার স্বাধীন নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।

এআই খাতের দ্রুত সম্প্রসারণে ডেটা সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এসব স্থাপনায় বিপুল পরিমাণ পানি ও বিদ্যুৎ প্রয়োজন হওয়ায় স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ডেটা সেন্টারবিরোধীরা আরও শক্তিশালী হতে পারেন বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

 ট্রাম্পের ব্যস্ততা হোয়াইট হাউসের সংস্কারে

অন্যদিকে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পরও বৃহস্পতিবার শেয়ারবাজারের পতন কিংবা এআই খাতে সম্ভাব্য নিয়ন্ত্রণ নিয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দিনের একমাত্র প্রকাশ্য কর্মসূচিতে তিনি হোয়াইট হাউসের ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করার লক্ষ্যে একটি নথিতে স্বাক্ষর করেন। গত বছর ক্ষমতায় ফেরার পর কক্ষটিতে সোনালি রঙের অলংকরণ, নতুন ভাস্কর্য ও চিত্রকর্ম যুক্ত করেছেন ট্রাম্প।

এর আগে নির্বাচনের আগের সোমবার তিনি লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সংস্কার নিয়ে কথা বলেন। বুধবার সাংবাদিকদের হোয়াইট হাউসে ডেকে নির্মাণাধীন নতুন বলরুমও দেখান। ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে সেখানে এই বলরুম নির্মাণ করা হচ্ছে।

সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়ার সম্ভাবনা

আলাস্কা ও মিসিসিপিতে সিনেটের দুটি আসনের ফল বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত হয়নি। উভয় রাজ্যেই ডেমোক্র্যাট প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে থাকায় দলটির সিনেট আসনসংখ্যা আরও দুটি বাড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সিনেটে ডেমোক্র্যাট-রিপাবলিকান আসনসংখ্যা ৫৬-৪৪ হতে পারে।

জানুয়ারিতে নতুন সদস্যরা দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন, তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড তদন্তে ডেমোক্র্যাটরা সিনেটের ক্ষমতা ব্যবহার করতে পারেন। গুরুত্বপূর্ণ আইন পাসের ক্ষেত্রেও সরকারের কাছ থেকে ছাড় আদায়ের সুযোগ তৈরি হবে। এমনকি সুপ্রিম কোর্টে কোনো বিচারপতির পদ শূন্য হলে ট্রাম্পের মনোনীত প্রার্থী আটকে দেওয়ার ক্ষমতাও থাকবে তাদের।

তবে নতুন কংগ্রেসের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রিপাবলিকানদের হাতেই ক্ষমতা থাকবে। আগামী ১১ ডিসেম্বরের পরও কেন্দ্রীয় সরকারের অর্থায়ন অব্যাহত রাখতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করতে হবে। এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতা হস্তান্তরের আগের সময়ে রিপাবলিকানরা নিজেদের নীতিগত অগ্রাধিকার বাস্তবায়নের চেষ্টা করতে পারেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এআই খাত   ধস প্রযুক্তি শেয়ারে   ডেমোক্র্যাটদের জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close