মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির প্লেইন-দে-পাপাই এলাকার মসজিদ রোডে একটি কনটেইনারের ভেতরে কাঠের বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ হারান তারা।
নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসাইন (৩৬), হোসাইন মোহাম্মদ বালাল (৩৭) ও সিকদার জয়বায়েদ ইসলাম (২৫)।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কনটেইনারে মালামাল সংরক্ষণের একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, আট ফুট লম্বা ও ছয় ফুট চওড়া কয়েকটি কাঠের বাক্সে ছয় মিলিমিটার পুরু কাচের একাধিক প্যানেল রাখা ছিল। এসব বাক্সের নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। কনটেইনারের ভেতরেই তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাক্সের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করেন।
নিহত তিনজনই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম তৈরির প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে নিয়োগকর্তাকে। পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাও করতে হবে প্রতিষ্ঠানটিকে।
সূত্র: ডেফ মিডিয়া
কেকে/সাশ