বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: শাহ আলমে বিব্রত সরকার      চাঁদ দেখা গেছে মহররমের, ২৬ জুন পবিত্র আশুরা      বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতকে দুদকের চিঠি      আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩      পদত্যাগ করলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন      আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন      
খোলাকাগজ স্পেশাল
উন্নয়নের বড় ঘোষণার অপেক্ষায় মৌলভীবাজার
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:২৬ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় প্রথমবারের মতো আজ মৌলভীবাজারে আসছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে জেলাজুড়ে বিএনপিসহ সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ ছাড়া জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে একাধিক দাবি উত্থাপন ও বাস্তবায়নের প্রত্যাশায় রয়েছেন জেলাবাসী। 

বিগত ১৬ বছর ধরে মৌলভীবাজারের মানুষের মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, রাজনগরের খেয়াঘাটে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ, শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু, নতুন ট্রেন চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারায় জেলাবাসীর উপেক্ষিত এসব দাবি পূরণ হবে বলে আশায় রয়েছেন জেলার লাখ লাখ মানুষ। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ১০টা ১৫ মিনিটে উড়োজাহাজে করে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এবং বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। 

এ সময় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

সরেজমিন শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের দুই অনুষ্ঠানস্থলের গিয়ে দেখা যায়, জনসভার মঞ্চ নির্মাণ ও প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলের মাঠ সংস্কার, মাটি ভরাট, রঙের, মাইক টাঙানোসহ সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। 

স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি মৌলভীবাজারের উন্নয়ন, সম্ভাবনা এবং মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। জেলার মানুষ আশা করছেন, এ সফর নতুন উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগের দ্বার উন্মোচনে কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধওে মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে। 

উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার এ অবকাঠামো বাস্তায়িত হলে জেলার পাশাপাশি বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নতুন মাত্র যোগ হবে। একইসঙ্গে শমসেরনগর বিমানবন্দর চালুর দাবি নতুন করে গুরুত্ব পেয়েছে, যা পর্যটন, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও জীববৈচিত্র্যের জন্য পরিচিত মৌলভীবাজারে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক অবকাঠামো ও পর্যটনবান্ধব উদ্যোগ। 

পাশাপাশি শিল্পকারখানা স্থাপন ও দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ। জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় এ সফর কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলাবাসীর গুরুত্বপূর্ণ দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

জানতে চাইলে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন বলেন, ‘রাজনগরকে পৌরসভায় রূপান্তর, উপজেলা সদরে গ্যাস সংযোগ, রাজনগর ও বালাগঞ্জের জনসাধারণের মানুষের নিরাপদ যোগাযোগ ব্যবস্থার নিমিত্তে খেয়াঘাট নামক স্থানে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণের দাবিসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দাবি জানানো হবে।’ 

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ‘বিগত ১৬ বছর ধরে মৌলভীবাজারের মানুষের মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারায় জেলাবাসীর উপেক্ষিত এসব দাবি পূরণ হবে বলে আশা করি।’

 এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন প্রকৃত সুবিধাভোগীর তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে তারা ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন। 

এ ছাড়া অনুষ্ঠানে নান রোগে আক্রান্ত রোগীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের এককালীন আর্থিক অনুদান এবং চা-শ্রমিকদের জন্য টেকসই আবাসন বরাদ্দপত্র, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির বিশেষ অনুদান চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানটি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘জনগণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসছেন। তাকে বরণে জেলার লাখো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকেন্দ্রিক আয়োজিত জনসভাকে সফল করতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।’ 

 মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান জানান, ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মৌলভীবাজার জেলা পিছিয়ে রয়েছে। তাই এ জেলাকে এ গ্রেডে উন্নীত করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও পূর্ণাঙ্গ টেকনিক্যাল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রী আশু প্রদক্ষেপ গ্রহণ করবেন।’ 

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারে নির্বাচনি জনসভায় কথা দিয়ে গেছেন, নির্বাচনের পর তিনি আবার আসবেন। সরকার গঠনের চার মাসের মধ্যেই তিনি ফ্যামিলি কার্ড নিয়ে চলে আসছেন। প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফর নিঃসন্দেহে আমাদের এলাকার জন্য একটি গুররুত্বপূর্ণ ঘটনা। আমরা দেশ-জনগণের উন্নয়নের স্বার্থে অনেক দাবি তুলে ধরব।’ 

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান জানান, ‘নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান জনগণের কাছে জেলার চারটি আসন চেয়েছিলেন। জনগণ তার চাওয়া শতভাগ মূল্যায়ন করেছেন। তাই আশা করি, সিলেট বিভাগের  মৌলভীবাজার ছাড়া অপর তিন জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার মৌলভীবাজার জেলায় প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেবেন।’ 

তিনি আরও বলেন, ‘চা বাগান ও চা নিলাম কেন্দ্রের জন্য এবং শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে স্বল্প সময়ে যোগাযোগের জন্য কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর চালুর জন্য জোর দাবি জানানো হবে। এ ছাড়া মৌলভীবাজার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা। প্রতি মাসে প্রচুর পর্যটক মৌলভীবাজারে আসেন। স্বল্প খরচে সহজে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ায় যাতায়াতের জন্য ট্রেনের বিশেষ বগির ব্যবস্থা করার দাবি রয়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  উন্নয়ন   বড় ঘোষণা   মৌলভীবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close