‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্যসম্পদের সুরক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, হাওরের মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার, নিষিদ্ধ জাল ব্যবহার ও মাছের প্রজননক্ষেত্র ধ্বংস বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবীসহ স্থানীয় জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, ‘মাছের উৎপাদন বাড়লে সমৃদ্ধ হবে মৎস্যজীবীর পরিবার, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি—আর এগিয়ে যাবে স্বনির্ভর বাংলাদেশ।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহব্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য একেএম নাসের উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব মুন্না, ছাত্র সমন্বয়ক রাহুল, ছাত্রদল নেতা, ওসিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
কেকে/ এমএস