স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের ২৫ শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে এলজিইডির সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে আইইউটির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে এলজিইডির অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) চলমান কার্যক্রম, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক কাজী সাইফুল কবীর। এ সময় এলজিইডির সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট সাদেকুর রহমান ভূইয়া।
এলজিইডির ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামটি তিন সপ্তাহব্যাপী, যা ১৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবেই আইইউটির শিক্ষার্থীদের নিয়ে এ দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়।
কেকে/এআই