দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদল সভাপতি মো. এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. এনামউল্যা বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে। খেলাধুলার মাধ্যমে নিজেদের মাদক থেকে দূরে রাখা যায় এবং নিজেদের সুস্থ দেহ ও মন গঠন করা যায়। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের সৃষ্টি হয়, সৃষ্টি হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। এ অনানুষ্ঠানিক নেতৃত্ব পরবর্তী জীবনে কাজে দিবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে আগ্রহী। হাবিপ্রবি শিক্ষার্থীরা সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নতি করুক এটাই আমাদের চাওয়া।’
ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে শেষ হয়। গ্যালারিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মুহুর্মুহু তালি ও উন্মাদনা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাড়তি প্রাণ সঞ্চার করে। খেলা শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করেন। খেলায় জিয়া থান্ডার বোল্টসকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাইট মেয়ার ব্যাটালিয়ান।
কেকে/এআই