রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে পুলিশি হামলার অভিযোগ তুলে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নীলক্ষেত সংলগ্ন মিরপুর-আজিমপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের হাতে ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভকারীরা ‘জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তোলেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলেও পুলিশ কেন বাধা দিচ্ছে, তা জানতে চান। নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা ও লাঠিচার্জের অভিযোগ তুলে তিনি এর জবাব দাবি করেন।
এদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, কলেজের সামনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি জানাচ্ছেন। এতে যান চলাচলে বড় ধরনের সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, কলেজটিতে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা এ নিয়ে স্লোগান দিচ্ছেন। পুলিশ সরাসরি সেখানে গেলে পরিস্থিতির অবনতি হতে পারে, তাই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অধ্যক্ষের বিষয়ে ওসি জানান, কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় আগের দিনই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। রাতে অধ্যক্ষকে নিরাপত্তা দিয়ে উদ্ধার করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
কেকে/সাশ