শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      
প্রিয় ক্যাম্পাস
বুটেক্সে বাঁধনের নবীনবরণ, সম্মাননা পেলেন বিদায়ী রক্তদাতারা
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বাঁধনের ‘নবীনবরণ ও ডোনার সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী ৪৮তম ব্যাচের রক্তদাতাদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস, কার্যক্রম ও রক্তদাতাদের অবদান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বাঁধন বুটেক্স ইউনিটের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির সভাপতি মো. এনায়েত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. আরফান আলী প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, শিক্ষার্থী কল্যাণ পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ওয়েলকিন টেক্সটাইল ইনোভেশনস লিমিটেডের পরিচালক কে. এম. আলাওল কবির এবং বাঁধন বুটেক্স ইউনিটের উপদেষ্টা সহকারী অধ্যাপক রিফাত জাহান। এ ছাড়া সংগঠনটির সাবেক কর্মী ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, বাঁধন বুটেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক সংগঠন। গত বছর এ ইউনিটের মাধ্যমে ৫০০টির বেশি ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে, যাতে প্রায় ৫০০ থেকে ৬০০ জন রোগী উপকৃত হয়েছেন। এ বছর নতুন উদ্যোগ হিসেবে দুই শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। 

ভবিষ্যতে আরও বড় পরিসরে চক্ষু পরীক্ষা আয়োজনের প্রত্যাশা জানিয়ে তিনি ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় এলাকায় কার্যকর উদ্যোগ নিতে বাঁধনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মানবিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

আইটিইটির সভাপতি মো. এনায়েত হোসেন বলেন, মানবিক সেবায় বাঁধন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংগঠনগুলোর মধ্যে অগ্রণী ভূমিকা রাখছে। গভীর রাতেও রক্তের প্রয়োজন হলে সংগঠনটির কর্মীরা সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ান। তিনি বুটেক্সে স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচি চালুর প্রস্তাব দেন। একই সঙ্গে আইটিইটি ও অ্যালামনাইদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থী কল্যাণ পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বাঁধন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা পালনের সুযোগ তৈরি করে দিচ্ছে। রক্তদানের ক্ষেত্রে শুরুতে ভয় বা দ্বিধা থাকলেও রক্ত দেওয়ার পর যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা অসাধারণ। তিনি রক্তদানের পাশাপাশি আরও মানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ অতিথি, শিক্ষক, রক্তদাতা ও নবীন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ২০০৬ সালে যাত্রা শুরু করা এ ইউনিটের সাফল্যের পেছনে রক্তদাতা ও দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতেও সবার সহযোগিতায় মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজন ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  বুটেক্সে   বাঁধনের নবীনবরণ   সম্মাননা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close